মানুষযাত্রা (Poetry) | উৎসর্গ: জঙ্গীদের আক্রমণে শহীদ অভিজিৎ রায়

 

মানুষযাত্রা- ১


যদি সাহস থাকে আমাকে রুঁখে দাও
যদি মিথ্যার বেসাতি না করো
আমাকে রুঁখে দাও
বাধার প্রাচীর তৈরি করো আমার যাত্রাপথে

আমি রক্তমাখা নগ্ন শরীরে
মহানগর থেকে নগরে
সেখান থেকে গ্রামান্তরে
ছুটে চলেছি মরণ শান্তিতে

মিছিল শুরুর পূর্বেও আমি মানুষ ছিলাম
স্লোগানের ভাঁজে ভাঁজেও আমি মানুষ ছিলাম
আঘাতপ্রাপ্ত হয়েও আমি মানুষ ছিলাম
তামাশা দেখা মানুষ দেখেও আমি মানুষ ছিলাম
ক্যামেরার সামনে দাঁড়ানো মানুষ
ক্যামেরার পেছনে দাঁড়ানো মানুষ
তামাশা দেখা ও তামাশা দেখানো মানুষ
পৌরুষহীন নপুংশক মানুষ দেখেও আমি মানুষ ছিলাম

রক্তাক্ত রাস্তায় পড়ে থেকেও আমি মানুষ
হাসপাতালের মর্গে শুয়েও আমি মানুষ
লাশকাটা ঘরে ক্ষতবিক্ষত হয়েও আমি মানুষ

আমাকে হত্যার আগেও আমি চিৎকার করেছি
আমাকে হত্যার সময়ও আমি চিৎকার করেছি
আমাকে হত্যা করার পরও আমি চিৎকার করেছি

সহস্র বছর ধরে আমি চিৎকার করছি
মৃত্যুক্ষণে আমি চিৎকর করেছি
সহস্র আগামিতেও আমি চিৎকার করে যাবো

রক্তমাখা নগ্ন শরীরে
মহানগর থেকে গ্রামান্তরে
কোটি মানুষের কোটি প্রাণ ছুঁয়ে
আমি প্রবহমান চিৎকার করে যাবো

মানুষের অগ্রযাত্রা রুখে দেয়
এমন শক্তি কোথাও নেই
মানুষের আনন্দ কেড়ে নেয়
এমন শক্তি কোথাও নেই
মানুষের মনুষত্ব্ কেড়ে নেয়
এমন শক্তি কোথাও নেই

জন্মের পূর্বে সহস্র বছর
জন্মসময়ে অগ্নিবছর
মৃত্যুক্ষণে উত্তাল বছর
আমি মানুষ ছিলাম
আমি মানুষ আছি
আমি মানুষ থাকবো।

ফেব্রুয়ারির শেষদিন, ২০১৫

An expressive abstract painting symbolizing humanity's journey. A crimson river flows, representing struggle and sacrifice, with light breaking through in the distance, signifying hope. The artwork contrasts dark, turbulent clouds with emerging clear skies, reflecting perseverance and resilience. Bold brushstrokes and deep contrasts emphasize movement, embodying the unbreakable spirit of humanity.

মানুষযাত্রা- ২


বইমেলা পেরিয়ে প্রগতিশীল জটলার দিকে এগোই
হঠাৎ থেমে যাই। থেমে যেতে বাধ্য হই
এখানে এই রাস্তার ধারে এক রক্তের নদী
যেন ঝরে পড়া শিমুল পলাশ
বয়ে চলে কুলকুল
আমি তন্ময় হয়ে শুনি
আর শুনতেই থাকি

তুমি যদি কখনো বেড়াতে যাও
ওখানে দাঁড়িয়ে থেকো কিছুক্ষণ
ওখানেই শুনতে পাবে মানুষের চিৎকার
ওখানেই দেখতে পাবে দানবের উল্লাস
ওখানেই দেখতে পাবে নপুংশকের তামাশা

তুমি নপুংশক হয়ো না
তুমি মানুষ হয়ে ওঠো
তুমি দানব হয়ো না
তুমি আগুন হয়ে ওঠো

আমি প্রমিথিউসের বয়ে আনা আগুন
আমি তোমাকেই বলছি
আমি আশির্বাদ করছি
তুমি মানুষ হয়ে জ্বলে ওঠো

মার্চের প্রথম দিন, ২০১৫

Written by:
Editor of littlemag AkaalBodhon



Comments

Most Read

Unraveling the Threads of the Student Movement: A Reflection on Farhad Mazhar's Insights

খ্রিস্টধর্মের রোমানীকরণ: একেশ্বরবাদী বার্তার প্যাগানিক রূপান্তর

Tomiris: The Warrior Queen